গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি | Daily AjKaler Kontho

গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি


এ,এস,মামুন, গৌরনদী প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৬, ১:১০ অপরাহ্ন
গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি

বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা গেছে, গত ১৪ এপ্রিল সন্ধ্যায় অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোন করে নিজেকে জাতীয় দৈনিকের সম্পাদক পরিচয় দেন। পরে পরিচয় নিশ্চিত করতে চাইলে ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং সরাসরি প্রাণনাশের হুমকি দেন।

ঘটনার পর বিষয়টি থানায় জানানো হলে নম্বরটি যাচাই করে একটি জিডি নেওয়া হয় এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলামকে।

এ ঘটনায় গৌরনদী প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা দ্রুত হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সাংবাদিক জহির বলেন – আমার কোনো ব্যক্তিগত শত্রু নেই। কে বা কারা এ ধরনের হুমকি দিল, তা আমার বোধগম্য নয়। স্থানীয় সচেতন মহল মনে করছে, তার পেশাগত কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি মহল এ ধরনের ঘটনা ঘটাতে পারে।

আজকালের কন্ঠ/আর বি