
বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পুরো শহরজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ, প্রাণের উচ্ছ্বাস আর বাঙালিয়ানার আবহ।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয়ের সভাপতিত্বে আয়োজিত এ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ জাকির হোসেন বাবলু। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন এতে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে সমাপ্ত হয়। এতে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক সংগঠনের সদস্যরা বর্ণিল ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, মুখোশ এবং ঐতিহ্যবাহী সাজসজ্জার মাধ্যমে বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যকে ফুটিয়ে তোলেন। শিশু-কিশোরদের প্রাণবন্ত উপস্থিতি এবং নানা রঙের পোশাক শোভাযাত্রায় যোগ করে বাড়তি আকর্ষণ।
আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হয়। নতুন বছরের আগমনে সকল বিভেদ ভুলে গিয়ে উন্নত, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
শোভাযাত্রা ছাড়াও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা, গ্রামীণ খেলাধুলা এবং ঐতিহ্যবাহী সংগীত পরিবেশনার আয়োজন করা হয়, যা নগরবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। পরিবার-পরিজন নিয়ে এসব আয়োজনে অংশ নিয়ে আনন্দঘন সময় কাটান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ বৈশাখী শোভাযাত্রা ময়মনসিংহবাসীর মাঝে নতুন বছরের আনন্দ, আশা ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়। বাংলা নববর্ষকে ঘিরে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :