
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার শায়েস্তানগর ও গাজীনগর গ্রামের মধ্যবর্তী ডাকাতিয়া নদীর ওপর নির্মিত একমাত্র বাঁশের সাঁকোটি ভেঙে ফেলায় দুই গ্রামের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে কয়েক হাজার মানুষ ও দুই পাড়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) রাতে দুর্বৃত্তরা সাঁকোটি ভাঙচুর করে। দীর্ঘদিন ধরে এই সাঁকো দিয়েই এলাকাবাসী ও শিক্ষার্থীরা যাতায়াত করে আসছিলেন।
এলাকাবাসী জানান, সম্প্রতি সেখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় প্রশাসন এবং এ লক্ষ্যে জরিপ কাজও সম্পন্ন হয়। তবে গাজীনগর প্রান্তের কয়েকজন জমির মালিক তাদের জমির ওপর দিয়ে ব্রিজ নির্মাণে আপত্তি জানান। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। বিষয়টি থানায় ও আদালতে গড়ায়।
স্থানীয়দের অভিযোগ, ওই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে সাঁকোটি ভেঙে ফেলা হয়েছে।
ভুক্তভোগী বাসিন্দারা বলেন, “সাঁকো ভেঙে যাওয়ায় আমাদের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা।”
শিক্ষার্থীরা জানায়, “এই সাঁকোই ছিল স্কুলে যাওয়ার একমাত্র পথ। এখন আমরা অনিশ্চয়তায় পড়েছি।”
এ অবস্থায় দ্রুত সাঁকোটি পুনর্নির্মাণ, স্থায়ী ব্রিজ নির্মাণ এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :