নেত্রকোনায় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ভিত্তিহীন | Daily AjKaler Kontho

নেত্রকোনায় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ভিত্তিহীন


সুশীলআচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৬, ৩:১০ অপরাহ্ন
নেত্রকোনায় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ভিত্তিহীন

একটি জাতীয় দৈনিকসহ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গা দখলের অভিযোগ শিরোনামের সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার প্রতিষ্ঠাকালীন বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও হিরণপুর উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কিউ. জেড. এম. রুহুল কুদ্দুস নওয়াব মাস্টার।
১৬ই মার্চ সোমবার দুপুরে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সংবাদে তাঁর বিরুদ্ধে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই।

তিনি দাবি করেন, তিনি কোনো সরকারি জমি দখল করেননি। তাঁর নিজস্ব ক্রয়কৃত জমির সীমানার মধ্যেই নির্মাণকাজ পরিচালিত হচ্ছে।

রুহুল কুদ্দুস নওয়াব মাস্টার আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করিয়েছে, যা তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।

তিনি জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিকভাবে তদন্ত করলে প্রকৃত ঘটনা স্পষ্ট হয়ে যাবে। তিনি আইন ও বিধি মেনেই নিজের জমিতে নির্মাণকাজ করছেন বলেও দাবি করেন।

প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্টদের যথাযথ তথ্য যাচাই করার আহ্বান জানান তিনি।

আজকালের কন্ঠ/আর বি