
পটুয়াখালীর কলাপাড়ায় নদী দখল ও দূষণ বন্ধের দাবিতে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে নদীতে প্রতীকীভাবে কাগজের নৌকা ভাসিয়ে প্রতিবাদ জানানো হয়।
শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে পৌর শহরের হেলিপ্যাড মাঠ সংলগ্ন আন্ধারমানিক নদীর তীরে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী এবং পরিবেশ বাঁচাও আন্দোলন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
এর আগে একই স্থানে “নদী বাঁচাও, দেশ বাঁচাও” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর আঞ্চলিক সমন্বয়ক মেজবাহ উদ্দিন মাননু, প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জী, পরিবেশ সংগঠক কামাল হাসান রনি এবং পরিবেশ বাঁচাও আন্দোলনের কলাপাড়া সমন্বয়ক নজরুল ইসলাম।
বক্তারা বলেন, দুই যুগ আগেও জেলার নদীগুলো ছিল প্রাণবন্ত। নদীতে শত শত নৌকা চলাচল করত এবং জেলেরা প্রচুর মাছ পেতেন। কিন্তু নদী দখল, দূষণ ও নাব্যতা সংকটের কারণে সেই চিত্র এখন আর দেখা যায় না। নদীগুলো ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তারা বলেন, নদী রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতীকীভাবে নদীতে কাগজের নৌকা ভাসিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে আন্ধারমানিক নদীসহ জেলার সব নদীর দখলদারদের তালিকা প্রকাশ, অবৈধ দখল উচ্ছেদ এবং নদীগুলো দ্রুত খননের দাবি জানান বক্তারা।
মানববন্ধন ও কাগজের নৌকা ভাসানোর কর্মসূচিতে স্থানীয় পরিবেশকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :