খানসামায় কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ: প্রাণ গেল বড় ছেলের, মেজো ছেলে গুরুতর আহত | Daily AjKaler Kontho

খানসামায় কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ: প্রাণ গেল বড় ছেলের, মেজো ছেলে গুরুতর আহত


মোঃরব্বানী ইসলাম ,​দিনাজপুর জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন
খানসামায় কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ: প্রাণ গেল বড় ছেলের, মেজো ছেলে গুরুতর আহত

দিনাজপুরের খানসামা উপজেলার টঙ্গুয়া বাজারের পশ্চিম পাশে ব্রিজের নিকট এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমিনুর ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় তার ছোট ভাই জনি ইসলাম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​নিহত আমিনুর ইসলাম ও আহত জনি ইসলাম খানসামা উপজেলার ৩ নং আঙ্গারপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সুবর্ণখুলী গ্রামের রফিকুল ইসলাম (বাচ্চা বাউ কসাই) এর পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১ টার দিকে খানসামা থানা থেকে কাজ সেরে মোটরসাইকেল যোগে দুই ভাই বাড়ি ফিরছিলেন। পথে টঙ্গুয়া বাজারের পশ্চিম পাশে ব্রিজের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই ভাই-ই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বড় ছেলে আমিনুর ইসলামকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, মেজো ছেলে জনি ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।​এই ঘটনায় সুবর্ণখুলী গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে খানসামা থানার কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল বাসেত সরদার ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক কাভার্ডভ্যানটি থানার হেফাজতে নেন বলে জানিয়েছেন।

আজকালের কন্ঠ/ আর এস/আর