কুড়িগ্রামে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

কুড়িগ্রামে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


কুড়িগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
কুড়িগ্রামে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)-এর সদস্যদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালাটি কুড়িগ্রাম সদর উপজেলা অফিসার্স ক্লাবের ‘আলোর ভুবন’ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।এতে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসহ দুই জেলার বিভিন্ন উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, জনসচেতনতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সরকারি সেবায় দুর্নীতি প্রতিরোধে দুপ্রক কমিটির ভূমিকা নিয়ে আলোচনা করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান, সহকারী পরিচালক সাব্দারুল ইসলাম এবং উপসহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী।

বক্তারা বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা দুর্নীতি প্রতিরোধে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আজকালের কন্ঠ/আর বি