
সত্য, সাহস ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দৈনিক প্রতিদিনের কাগজ-এর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার্সের ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ড. মোঃ আশরাফুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, বিপিএম, বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকারকর্মী ব্যারিস্টার সায়েম রেজা এবং সমাজসেবক রুবেল শিকদার। সম্মানিত অতিথিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি আরও মর্যাদাপূর্ণ ও সফল হয়ে ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান বলেন, “একটি স্বাধীন, দায়িত্বশীল ও নৈতিক গণমাধ্যম একটি রাষ্ট্রের উন্নয়ন ও গণতন্ত্র সুসংহত করার অন্যতম চালিকাশক্তি। বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম সমাজের অনিয়ম ও অসঙ্গতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারে।” তিনি দৈনিক প্রতিদিনের কাগজ-এর উত্তরোত্তর অগ্রগতি ও সাফল্য কামনা করেন।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সত্য সংবাদ তুলে ধরার দায়িত্ব গণমাধ্যমের কাঁধে আরও বেড়েছে। তারা আশা প্রকাশ করেন, দৈনিক প্রতিদিনের কাগজ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দেশ ও জনগণের পক্ষে কাজ করে যাবে।
অনুষ্ঠানে দৈনিক প্রতিদিনের কাগজ-এর সম্পাদক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নতুন কার্যালয়কে ঘিরে সাংবাদিকদের মধ্যে নতুন উদ্দীপনা ও কর্মচাঞ্চল্য লক্ষ্য করা যায়।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। নতুন কার্যালয়ের মাধ্যমে দৈনিক প্রতিদিনের কাগজ দেশের গণমাধ্যম অঙ্গনে আরও শক্ত অবস্থান তৈরি করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথি ও শুভানুধ্যায়ীরা।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :