হালুয়াঘাটে গ্রামাউসের উদ্যোগে ১৫০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ | Daily AjKaler Kontho

হালুয়াঘাটে গ্রামাউসের উদ্যোগে ১৫০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ


জামাল খান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
হালুয়াঘাটে গ্রামাউসের উদ্যোগে ১৫০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ

তীব্র শীতের মধ্যে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস)। সংস্থাটির উদ্যোগে রবিবার (০৪ জানুয়ারি ২০২৬) ময়মনসিংহের হালুয়াঘাট শাখায় ১৫০ জন সদস্যের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস)-এর পরিচালক জনাব মোঃ ফজলুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা। তিনি শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস)-এর প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (ঋণ কার্যক্রম) জনাব মোঃ হাবিবুর রহমান এবং দেবেশ চন্দ্র রায়, এরিয়া ম্যানেজার, হালুয়াঘাট এরিয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রামাউস হালুয়াঘাট শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে আসা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে।

সভাপতির বক্তব্যে গ্রামাউসের পরিচালক জনাব মোঃ ফজলুর রহমান বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও মানবিক সহায়তা কার্যক্রম গ্রামাউসের মূল লক্ষ্য। তারই ধারাবাহিকতায় শীত মৌসুমে সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-পরিচালক জনাব মোঃ হাবিবুর রহমান বলেন, গ্রামাউস শুধু ঋণ কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমেও সমাজ উন্নয়নে ভূমিকা রেখে চলেছে।

অনুষ্ঠান শেষে শীতবস্ত্র বিতরণ করা হলে উপকারভোগী সদস্যরা আনন্দ প্রকাশ করেন। কম্বল পেয়ে তারা শীতের কষ্ট কিছুটা লাঘব হবে বলে জানান এবং মানবিক এই উদ্যোগের জন্য গ্রামাউস কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রামাউসের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।