সড়ক অবরোধ বিক্ষোভ সমাবেশে উত্তাল দেশ | Daily AjKaler Kontho

সড়ক অবরোধ বিক্ষোভ সমাবেশে উত্তাল দেশ


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৫, ৫:৪৫ পূর্বাহ্ন
সড়ক অবরোধ বিক্ষোভ সমাবেশে উত্তাল দেশ

জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে ঢাকাসহ সারা দেশে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজধানীর শাহবাগে জড়ো হন সহযোদ্ধা ও বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রাতভর শাহবাগ, বাংলামোটর, ধানমন্ডিসহ ঢাকার বিভিন্ন এলাকা এবং দেশের নানা স্থানে বিক্ষোভ হয়েছে। এসময় দৈনিক ডেইলি স্টার ও দৈনিক প্রথম আলোর কার্যালয় এবং ধানমন্ডি ৩২ নম্বরসহ কয়েকটি স্থানে ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়। শুক্রবার দিনভরও এই উত্তাপ বিরাজ করে। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ মোড়, মগবাজার ও বায়তুল মোকাররম প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। চট্টগ্রামে জুমার নামাজের পর কফিন মিছিল বের করে জুলাই ঐক্য চট্টগ্রাম। এছাড়া রাজশাহী, বরিশাল, ঝিনাইদহসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অত্যন্ত সতর্ক অবস্থায় ছিল আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর বেশির ভাগ মোড় এবং গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়। এপিসি ও সাঁজোয়াযানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন অত্যন্ত তৎপর।

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি। ১২ ডিসেম্বর নির্বাচনি প্রচারণা চালানোর সময় বিজয়নগর কালভার্ট রোডে তাকে গুলি করে সন্ত্রাসীরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তিনি মারা যান।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাৎ হোসাইন যুগান্তরকে বলেন, হাদির মৃত্যুর ঘটনা কেন্দ্র করে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। পুলিশের নিবিড় নজরদারি চলছে। কোনো কোনো এলাকায় উদ্বেগজনক ঘটনা ঘটলেও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। বিশেষ অভিযান, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি ও সতর্ক অবস্থানে রয়েছে।

শুক্রবার দিনভর স্লোগান, বিক্ষোভ আর প্রতিবাদে মুখর ছিল শাহবাগ। হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দেন বিক্ষোভকারীরা।

জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। এতে সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোল্লা খালিদ সাইফুল্লাহ বলেন, হাদি হত্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও পার্শ্ববর্তী একটি দেশের গুপ্তচর সংস্থা জড়িত। তিনি বলেন, বৃহস্পতিবার রাত থেকে আমাদের মিডিয়ার মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। আমরা মিডিয়ার বিরুদ্ধে নই। মিডিয়ার সঙ্গে আমাদের অনেক ভালো সম্পর্ক। বৃহস্পতিবার রাতে (প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায়) তৌহিদি জনতা ছিল না। তিনি হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন।

খালিদ সাইফুল্লাহ আরও বলেন, আমরা স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করি। এই বিচারব্যবস্থার কারণে খুনি ফয়সাল দুইবার জামিনে বের হয়েছে। হাদি হত্যার খুনিদের পালাতে বাংলাদেশের যারা সাহায্য করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আইন উপদেষ্টাকে বলতে চাই, আপনারা লোক দেখানো বিচারব্যবস্থা বাদ দিন। সালমান এফ রহমানসহ যেসব সন্ত্রাসী জেলখানায় আছে তাদের ফাঁসি দেন। তাহলে সব আওয়ামী সন্ত্রাসী ঠান্ডা হয়ে যাবে।

এছাড়াও হাদি হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে গণঅধিকার পরিষদ, আমার বাংলাদেশ পার্টিসহ একাধিক সংগঠন ও প্রতিবাদী ছাত্র-জনতা জুমার নামাজের পর পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেন। তারা ‘দিল্লি না-ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারতের দালালেরা-হুঁশিয়ার সাবধান’, ‘ওসমান হাদির-রক্ত বৃথা যেতে দেব না’, শহীদ হলো হাদি ভাই-খুনি তোদের রক্ষা নাই’সহ নানা প্রতিবাদী স্লোগান দেন। এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, যারা প্রার্থী রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সারা দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ছিল সরকারের দায়িত্ব। সরকার সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। আমরা মনে করি, এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

ছায়নটে হামলা-ভাঙচুর : হাজারীবাগ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাতে ধানমন্ডির ছায়ানট ভবনে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ভবনের বিভিন্ন তলায় থাকা বাদ্যযন্ত্র, শিল্পকর্ম ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলাকারীরা বিভিন্ন যন্ত্রাংশ লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তারা জানান, কাপড় দিয়ে মুখ ঢেকে হেলমেট পরা একদল হামলাকারী ভবনের বিভিন্ন তলায় ব্যাপক ভাঙচুর চালায়। পরে চলে যাওয়ার সময় তারা ভবনের সামনের অংশে আগুন ধরিয়ে দেয়।

শুক্রবার সরেজমিন ছায়ানট ভবনের সামনে গেলে চোখে পড়ে অগ্নিসংযোগের ক্ষতচিহ্ন। ভেতরে প্রবেশ করতেই দেখা যায়, বিভিন্ন সরঞ্জাম ছড়িয়ে-ছিটিয়ে আছে। দ্বিতীয় তলায় থাকা অফিসকক্ষ, ক্যান্টিন ও অডিটোরিয়ামও ভাঙচুর করা হয়েছে। এছাড়া তৃতীয় ও চতুর্থ তলার বিভিন্ন কক্ষেও ক্ষতচিহ্ন দেখা যায়। সবচেয়ে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে ভবনের পঞ্চম তলার লাইব্রেরি। আগুনে সেখানকার বিভিন্ন ঐতিহ্যবাহী ও দুষ্প্রাপ্য বই ও দস্তাবেজ পুড়ে গেছে। ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। তার মৃত্যুকে কেন্দ্র করে ছায়ানটে এ ধরনের হামলার ঘটনা আমাদের কাছে একেবারেই বোধগম্য নয়। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সুষ্ঠু তদন্ত দাবি করছি।

নাশকতার চেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে-এনসিপি : শাহবাগ (ঢাকা) প্রতিনিধি জানান, হাদির জানাজা কেন্দ্র করে কোনো ধরনের অপতৎপরতা বা নাশকতার চেষ্টা করা হলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে দেশজুড়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ভারত যদি কোনো ধরনের হস্তক্ষেপের চেষ্টা করে তবে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। তিনি নেতাকর্মীদের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান। এর আগে বিকাল ৪টায় রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

 

জবি শিক্ষার্থীদের বিক্ষোভ : হাদি হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। এদিন জুমার পর জবির প্রধান ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্বজিৎ চত্বর হয়ে লক্ষ্মীবাজার মোড় ঘুরে আবার প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি মাঈন আল মুবাশ্বির বলেন, হাদি ভাইয়ের খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। প্রয়োজনে আমরা ভারতের হাইকমিশন ঘেরাও করব। এদিকে বাদ জুমা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।

 

চট্টগ্রাম : জুমার নামাজের পর আন্দরকিল্লা জামে মসজিদ থেকে কফিন মিছিল বের করে জুলাই ঐক্য চট্টগ্রাম নামে একটি সংগঠন। মিছিলটিতে বিপুলসংখ্যক লোকজন অংশ নেয়। এছাড়া নামাজের পর জমিয়তুল ফালাহ জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর শাখা। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে বৃহস্পতিবার রাতে ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করেছে ছাত্র-জনতা। এছাড়া নগরীর ষোলশহর চশমা হিলে সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেলে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা।

ঝিনাইদহ : জুমার পর শহরের পায়রা চত্বরে হাদির গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে বৈষম্যবিেেরাধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।

রাজশাহী : বৃহস্পতিবার রাতে জুলাই মঞ্চ, এনএসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে জড়ে হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মিছিল নিয়ে এখানে আসেন। এরপর মহানগরীর কুমারপাড়ায় নগর আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়টি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

বান্দরবান : বৃহস্পতিবার রাতে বিক্ষোভ মিছিল করে ছাত্র-জনতা। এ সময় বিক্ষুব্ধরা রাজারমাঠ এলাকায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং-এর বাসভবনে অগ্নিসংযোগ করে।

বরিশাল : শুক্রবার দুপুরে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল চত্বরে জড়ো হয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সেখানে প্রতিবাদ সমাবেশের পাশাপাশি হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন তারা।

নলছিটি (ঝালকাঠি) : হাদি হত্যার প্রতিবাদে তার জন্মস্থান ঝালকাঠির নলছিটি পৌর শহরে জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন মুসল্লিরা। মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে মোড়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া বিকাল ৩টায় বরিশাল-কুয়াকাটা মহাসড়ক সড়ক অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা।

সাঘাটা (গাইবান্ধা) : শুক্রবার সাঘাটা উপজেলার ২ নম্বর ভরতখালি ইউনিয়নের উল্লাবাজারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে ছাত্র-জনতা।

সিলেট : বৃহস্পতিবার রাতে শহরে প্রথম আলোর কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষুব্ধরা। এছাড়া নগরীর চৌহাট্টায় আলপাইন নামে একটি রেস্টুরেন্টেও হামলা করা হয়।