
শেরপুরের ঝিনাইগাতীতে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা স্টেডিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ১৪৬ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর ‘বিজয় দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়েজুর রাজ্জাক আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভায় ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন,৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এ স্বাধীনতার পেছনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অবদান অপরিসীম। সরকার বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান প্রদান করেছে।
আলোচনা সভা শেষে অতিথিরা ১৪৬ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
এর আগে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভসূচনা করা হয়। ভোর সাড়ে ৬টায় উপজেলা শহীদ স্মৃতিফলকে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে সকাল ৯টায় উপজেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, সালাম গ্রহণ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :