ত্রিশাল থানার নবাগত ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোহাম্মদ ফিরোজ হোসেন | Daily AjKaler Kontho

ত্রিশাল থানার নবাগত ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোহাম্মদ ফিরোজ হোসেন


জামাল খান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৫, ৫:১৮ অপরাহ্ন
ত্রিশাল থানার নবাগত ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোহাম্মদ ফিরোজ হোসেন

ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে গত ০৮ ডিসেম্বর ২০২৫ইং তারিখে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ ফিরোজ হোসেন। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ত্রিশাল থানায় নতুন নেতৃত্বের সূচনা হলো বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাধারণ জনগণ।

দায়িত্ব গ্রহণের পর সংশ্লিষ্ট মহলে আশাবাদ তৈরি হয়েছে যে, মোহাম্মদ ফিরোজ হোসেনের দক্ষ ও দৃঢ় নেতৃত্বে ত্রিশাল থানার সেবা কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও সময়োপযোগী রূপ পাবে। বিশেষ করে সাধারণ মানুষ যেন সহজেই থানায় এসে সেবা পায় এবং হয়রানির শিকার না হয়—সে বিষয়ে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবাগত ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন পেশাগত জীবনে একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত। তিনি তাঁর কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসচেতনতা বৃদ্ধিতে প্রশংসনীয় অবদান রেখেছেন। সেই অভিজ্ঞতা ত্রিশাল থানার সার্বিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ত্রিশাল একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল উপজেলা হওয়ায় এখানে মাদকবিরোধী অভিযান, চুরি-ডাকাতি প্রতিরোধ, কিশোর গ্যাং দমন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং যানজট নিয়ন্ত্রণ—এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। নবাগত ওসির নেতৃত্বে এসব ক্ষেত্রে আরও সমন্বিত ও ফলপ্রসূ উদ্যোগ গ্রহণ করা হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল।

এদিকে দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, “ত্রিশাল থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবো। জনগণের সহযোগিতা নিয়ে একটি জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তুলাই আমার প্রধান লক্ষ্য।”

নবাগত ওসি মোহাম্মদ ফিরোজ হোসেনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সর্বাঙ্গীন সফলতা কামনা করছে ত্রিশালবাসী।

আজকালের কন্ঠ/আর বি