
নেত্রকোণার আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলার অভিযোগে জুয়েল মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
মৃত জুয়েল মিয়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের মাটিকাটা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। পরিবার জানায়, শ্বাসকষ্ট, গলা ব্যথা ও জ্বরে আক্রান্ত হওয়ায় গত ৯ ডিসেম্বর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বুধবার রাত থেকে জুয়েলের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে পরিবারের সদস্যরা বারবার কর্তব্যরত চিকিৎসক আজিমুল সাদাত সুমনকে ডাকাডাকি করেন। নার্সরাও তাকে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। অভিযোগ অনুযায়ী, ডাক্তার সুমন রোগীর কাছে যাননি। শেষ পর্যন্ত ভোর ৪টার দিকে চিকিৎসা না পেয়ে জুয়েল মিয়া মারা যান।
রোগীর মৃত্যু নিশ্চিত হওয়ার কিছুক্ষণ পরই রাতের শিফটে দায়িত্বে থাকা ওই চিকিৎসক কাউকে না জানিয়ে হাসপাতাল ত্যাগ করেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
কর্তব্যরত নার্স অমৃতা হাজং বলেন, রোগীর অবস্থা খারাপ বুঝে আমরা বারবার স্যারকে ডাকলাম। ফোন করলাম। উনি আসলেন না। অন্তত একবার হলেও রোগীকে দেখে যাওয়া উচিত ছিল।
আটপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন,দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেছে। ডা. আজিমুল সাদাত সুমনের বিরুদ্ধে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, আটপাড়া থানার ওসি মো. জুবায়দুল আলম জানান, এখন পর্যন্ত থানায় কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত হবে।
আপনার মতামত লিখুন :