
ময়মনসিংহের ত্রিশালে এক বন্ধুর হাতে আরেক বন্ধুর নৃশংস হত্যাকাণ্ড ও খুনির চাঞ্চল্যকর আত্মসমর্পণে এলাকায় তৈরি হয়েছে তীব্র উত্তেজনা ও শোকের আবহ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ৯টার দিকে ত্রিশাল থানায় উপস্থিত হয়ে একটি রক্তমাখা চাইনিজ কুড়াল হাতে আত্মসমর্পণ করেন মোঃ ওহেদুল ইসলাম অনিক (২২)। তিনি পুলিশের কাছে জানান, কয়েক মিনিট আগেই তিনি তার বাল্যবন্ধু মুনতাসির ফাহিম (২২)-কে হত্যা করেছেন।
পুলিশের কাছে অনিক জানান, রাত ৮টা ৪৫ মিনিটের দিকে ত্রিশাল পৌরসভার দরিরামপুর ৪নং ওয়ার্ডের নজরুল একাডেমি মাঠের পূর্ব পাশে, একটি ভবনের লাগোয়া পানির ট্যাংকির কাছে ফাহিমকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেন তিনি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিক পুলিশকে জানান, নিহত ফাহিম তার ‘জীবন নষ্ট’ করেছে। সেই প্রতিশোধ নিতেই তিনি চাইনিজ কুড়াল দিয়ে এ হত্যাকাণ্ড ঘটান বলে স্বীকার করেন। তবে ঠিক কীভাবে বা কোন ঘটনায় তার জীবন নষ্ট হয়েছে—তা জানতে পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে।
অনিকের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মুনতাসির ফাহিমের নিথর দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে নিহতের পরিবার ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন।
ত্রিশাল থানা পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ঘাতক অনিককে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে এটি পূর্বশত্রুতা ও প্রতিহিংসা থেকে সংঘটিত একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্য সৃষ্টি করেছে, এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে থানা পুলিশ।
আপনার মতামত লিখুন :