শটসার্কিটের আগুনে ছাই ১৫ দোকান, কান্নায় ভেঙে পড়েছেন ব্যবসায়ীরা | Daily AjKaler Kontho

শটসার্কিটের আগুনে ছাই ১৫ দোকান, কান্নায় ভেঙে পড়েছেন ব্যবসায়ীরা


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৫, ৩:৪২ অপরাহ্ন
শটসার্কিটের আগুনে ছাই ১৫ দোকান, কান্নায় ভেঙে পড়েছেন ব্যবসায়ীরা

লক্ষ্মীপুরের রামগতিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে আলেকজান্ডার বাজারের ১৫টি দোকান। শুক্রবার (৭ নভেম্বর) ভোররাতে ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা লাখ লাখ টাকার ক্ষতির কথা জানিয়ে কান্নায় ভেঙে পড়েছেন।

স্থানীয়রা জানান, ভোরের দিকে রাছেল নামের এক ব্যবসায়ীর মুদি দোকান থেকে বৈদ্যুতিক শটসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। দোকানগুলো পাশাপাশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই কাপড়, মুদি, ইলেকট্রনিকসসহ বিভিন্ন ধরনের দোকান আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাজারের প্রায় পুরো সারি ভস্মীভূত হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বহু দিনের সঞ্চয়, মজুদ মালামাল ও পুঁজি এক মুহূর্তে হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন তারা। কেউ কেউ দোকানে থাকা নগদ টাকাও বের করতে পারেননি।

রামগতি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন মজুমদার বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

আজকালের কন্ঠ/আর বি