ইন্দুরকানীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ : থানায় মামলা | Daily AjKaler Kontho

ইন্দুরকানীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ : থানায় মামলা


পিরোজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৫, ৬:৩১ অপরাহ্ন
ইন্দুরকানীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ : থানায় মামলা

পিরোজপুরের ইন্দুরকানীতে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮.৩০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চাড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ শারমিন বেগম (২৪) তিন সন্তান নিয়ে পিতার বাড়িতে বসবাস করেন। তার স্বামী সুমন মোল্লা জীবিকার তাগিদে ঢাকায় কর্মস্থলে আছেন।

অভিযুক্ত শুভ জোমাদ্দার (৩২), পিতা মৃত বেল্লাল জোমাদ্দার, একই গ্রামের বাসিন্দা। এজাহারে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার রাতে শুভ ভিকটিমের বাড়িতে গিয়ে তার স্বামীর কাছে পাওনা ৫ হাজার টাকা দাবি করে। স্বামী বাড়িতে নেই জানালে শুভ ক্ষিপ্ত হয়ে পড়ে। পরে সে শারমিনের ১০ বছর বয়সী ছেলে ইমনকে একশ টাকা দিয়ে সিগারেট আনতে বাইরে পাঠায়।এরপর সুযোগ বুঝে ঘরের লাইট বন্ধ করে শুভ ভিকটিমকে ঝাপটে ধরে মুখ চেপে খাটে ফেলে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ঘটনার পরপরই শারমিন বেগম থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই রাতেই ইন্দুরকানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শুভ জোমাদ্দারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ইন্দুরকানী থানার তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) পলাশ সাহা বলেন, “ভিকটিমকে নারী পুলিশ প্রহরায় ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।”

আজকালের কন্ঠ/আর বি