দুদকের নজরে লক্ষ্মীপুর পৌরসভা, প্রকৌশলীসহ ৩৯ জনের সম্পদের তথ্য চেয়ে চিঠি | Daily AjKaler Kontho

দুদকের নজরে লক্ষ্মীপুর পৌরসভা, প্রকৌশলীসহ ৩৯ জনের সম্পদের তথ্য চেয়ে চিঠি


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৫, ১২:০২ অপরাহ্ন
দুদকের নজরে লক্ষ্মীপুর পৌরসভা, প্রকৌশলীসহ ৩৯ জনের সম্পদের তথ্য চেয়ে চিঠি

লক্ষ্মীপুর পৌরসভার প্রকৌশলীসহ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেনসহ ৩৯ জনের সম্পদের তথ্য চেয়ে চিঠি দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুদকের চাঁদপুর জেলা কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন— কর নির্ধারক আব্দুর রহমান, উপসহকারী প্রকৌশলী শামছুল আলম ও মোহাম্মদ ইসহাক, নকশাকারক এবিএম আশরাফ উদ্দিনসহ আরও অনেকে।

দুদকের চাঁদপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা কামরুল ইসলাম স্বাক্ষরিত ১৪ অক্টোবরের চিঠিতে বলা হয়, লক্ষ্মীপুর পৌরসভার তহবিল থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ৩৯ ব্যক্তির নামে যদি কোনো নাল জমি, ভিটি-বাড়ি, প্লট, দোকান, ফ্ল্যাট ইত্যাদি ক্রয়-বিক্রয়ের মাধ্যমে নামজারি বা খতিয়ান তৈরি হয়ে থাকে, তবে সেই তথ্যের ছায়ালিপি দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন বলেন, “বিষয়টি আমার জানা নেই। কোনো চিঠিও পাইনি।”

উপসহকারী প্রকৌশলী শামছুল আলম বলেন, “আয়কর রিটার্নের কাগজপত্র জমা দেওয়ার জন্য বলা হয়েছে। আমরা তা জমা দেব। তদন্তকারী কর্মকর্তাকে সহযোগিতা করছি।”

পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাভী বলেন, “বিষয়টি সম্পর্কে এখনো কিছু জানি না। দাপ্তরিকভাবে কোনো চিঠি আমার কাছে আসেনি।”

দুদকের চাঁদপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অফিস আমাকে তদন্তের দায়িত্ব দিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”