রায়পুরের চরপাতা, দেবিপুর ও শহর আলীর মোড়ে তিন শিশুধর্ষণচেষ্টা! কিশোর কারাগারে | Daily AjKaler Kontho

রায়পুরের চরপাতা, দেবিপুর ও শহর আলীর মোড়ে তিন শিশুধর্ষণচেষ্টা! কিশোর কারাগারে


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৫, ৭:৩১ অপরাহ্ন
রায়পুরের চরপাতা, দেবিপুর ও শহর আলীর মোড়ে তিন শিশুধর্ষণচেষ্টা! কিশোর কারাগারে

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পৃথক তিন স্থানে তিন শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চরপাতা, দেবিপুর ও চরবংশী ইউনিয়নের শহর আলীর মোড়ে গত বুধবার ও বৃহস্পতিবার এসব ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দুপুরে রায়পুর ইউনিয়নের দেবিপুর গ্রামের চরপল­য়ান এলাকার জিহাদ হোসেন (১৬) নামের এক কিশোর একই এলাকার ছয় বছরের এক শিশুকে তার ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে রায়পুর থানায় শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করে আদালতে সোপর্দ করলে, সে বিচারকের সামনে ঘটনার সত্যতা স্বীকার করে। পরে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার পর মায়ের জিম্মায় দেয়া হয়।

অন্যদিকে, বুধবার দুপুরে চরবংশী ইউনিয়নের শহর আলীর মোড় এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হযরত আলী বেপারী (৪০) নামের এক স্ক্র্যাপ ব্যবসায়ীকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেন। তবে তদন্তে প্রমাণ না পাওয়ায় জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাকে ছেড়ে দেয় পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিশুর অভিভাবকরা।

তৃতীয় ঘটনায়, চরপাতা ইউনিয়নের আমিন বাজার বাজার এলাকায় এক প্রবাসীর সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা চালান স্থানীয় আয়াত উল্যা (৬৫) নামের এক কনফেকশনারি দোকানদার। এ ঘটনায় থানায় অভিযোগ না করে স্থানীয় মাতবরদের উদ্যোগে এক শালিশ বৈঠক বসে। বৈঠকে অভিযুক্তের কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করে ঘটনাটি মিমাংসা করে দেয়া হয় বলে অভিযোগ রয়েছে।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন,“চরবংশীর শহর আলীর মোড় এলাকার ঘটনায় তদন্তে প্রমাণ না পাওয়ায় অভিযুক্তকে ছেড়ে দেয়া হয়েছে। চরপাতার আমিন বাজার বাজারের ঘটনায় কেউ অভিযোগ করেনি। তবে দেবিপুর গ্রামের ঘটনায় মামলা হয়েছে, অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

আজকালের কন্ঠ/আর বি