দুমকিতে মৎস্য বিভাগের অভিযানে জেলেদের হামলা অল্পের জন্য রক্ষা পেলেন কর্মকর্তা ও পুলিশ | Daily AjKaler Kontho

দুমকিতে মৎস্য বিভাগের অভিযানে জেলেদের হামলা অল্পের জন্য রক্ষা পেলেন কর্মকর্তা ও পুলিশ


রাজিবুল ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৫, ৭:৫৫ অপরাহ্ন
দুমকিতে মৎস্য বিভাগের অভিযানে জেলেদের হামলা অল্পের জন্য রক্ষা পেলেন কর্মকর্তা ও পুলিশ

পটুয়াখালীর দুমকিতে ইলিশ শিকারবিরোধী অভিযানে মৎস্য বিভাগের টিমের ওপর সংঘবদ্ধ জেলেদের হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আলগি এলাকার পায়রা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইলিশের প্রজনন মৌসুমে মা-ইলিশ শিকার বন্ধে উপজেলা মৎস্য বিভাগ ও পুলিশ যৌথভাবে নদীতে অভিযান চালায়। এ সময় কর্মকর্তারা কয়েকটি নৌকা ও জাল জব্দের চেষ্টা করলে আলগি এলাকার একদল জেলে ও তাদের স্বজনরা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে ট্রলারের ওপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশ ও মৎস্য কর্মকর্তাদের লক্ষ্য করে ইট নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করে।

হামলার মুখে অভিযানে ব্যবহৃত ট্রলারটি নদীর আলগি চরে নিরাপদ দূরত্বে সরে যায়। এতে বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও ট্রলারের বেশ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দুমকি ও পটুয়াখালী সদর থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযান টিমকে নিরাপদে উদ্ধার করে।

উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা নদীতে গিয়েছিলাম। হঠাৎ করে কিছু জেলে সংগঠিত হয়ে হামলা চালায়। হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে পটুয়াখালী জেলায় চলছে ২২ দিনের বিশেষ অভিযান। তবে কিছু এলাকায় জেলেদের প্রতিরোধ ও হামলার আশঙ্কায় অভিযান পরিচালনায় ঝুঁকি দেখা দিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আজকালের কন্ঠ/আর বি