নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ দাবিতে ফের বেগমগঞ্জ সড়ক অবরোধ | Daily AjKaler Kontho

নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ দাবিতে ফের বেগমগঞ্জ সড়ক অবরোধ


নোয়াখালী জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৫, ৫:১৭ অপরাহ্ন
নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ দাবিতে ফের বেগমগঞ্জ সড়ক অবরোধ

নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে আবারও বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় সংগঠন ও সাধারণ মানুষ।

৮ অক্টোবর (বুধবার)সকালে বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় ‘নোয়াখালী বিভাগ চাই’ স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।

কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় দুই ঘণ্টা নোয়াখালী- ফেনী- লক্ষ্মীপুর-সোনাইমুড়ী সড়কে যান চলাচল বন্ধ থাকে।

এর ফলে নোয়াখালী থেকে ঢাকা, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভে অংশ নেয় নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের হাজারও মানুষ।

কর্মসূচিতে বক্তব্য দেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, হেফাজতে ইসলাম নোয়াখালী জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াছিন আরাফাত, চৌমুহনী পৌর বিএনপির সদস্য সচিব মহসিন আলম, চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা টিআই সুজন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান সীমান্ত এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ তুষারসহ নেতারা।

বক্তারা বলেন, বৃহত্তর নোয়াখালী অঞ্চলে প্রায় এক কোটি মানুষের বসবাস, কিন্তু উন্নয়ন ও প্রশাসনিক সেবায় এই অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত।

যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও শিল্পায়ন সব ক্ষেত্রেই পিছিয়ে আছে এই অঞ্চল। তাদের দাবি, দেশের অন্যান্য অঞ্চলে নতুন বিভাগ গঠনের পর নোয়াখালীর জনগণও তাদের নিজস্ব বিভাগ ‘নোয়াখালী বিভাগ’ চায়।

তারা আরো জানান, প্রস্তাবিত নোয়াখালী বিভাগের আওতায় লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুরসহ দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা থাকবে। এতে প্রশাসনিক কার্যক্রম সহজ হবে, সাধারণ মানুষকে আর ছোটখাটো কাজের জন্য চট্টগ্রাম বা ঢাকা যেতে হবে না।

নোয়াখালী বিভাগ বাস্তবায়ন উপকূলীয় অঞ্চলের উন্নয়ন, সুরক্ষা, বাণিজ্যিক প্রসার এবং দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিভাগ চাই। সরকার এই দাবিকে গুরুত্ব দিক, কারণ এটি দেশের সার্বিক উন্নয়নের সঙ্গে সম্পর্কিত।

আজকালের কন্ঠ /শাহাদাত / এম