লক্ষ্মীপুরে নিখোঁজের একদিন পর খালে ভেসে উঠলো মরদেহ | Daily AjKaler Kontho

লক্ষ্মীপুরে নিখোঁজের একদিন পর খালে ভেসে উঠলো মরদেহ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ন
লক্ষ্মীপুরে নিখোঁজের একদিন পর খালে ভেসে উঠলো মরদেহ

জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরে নিখোঁজের একদিন পর ইউছুফ হোসেন (৪৫) নামে এক রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দালালবাজার–পালেরহাট সড়কের কোরালিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইউছুফ সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গৌপীনাথপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, ইউছুফ বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে ছিলেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার রাতে স্থানীয় এক যুবক মাছ ধরতে গিয়ে খালে বাঁশ গাছের নিচে তার মরদেহ দেখতে পান।

নিহতের ছেলে মো. শাকিল বলেন, “বাবার পা গামছা দিয়ে বাঁধা ছিল। আমাদের পারিবারিক জমি বণ্টন নিয়ে চাচাদের সঙ্গে বিরোধ রয়েছে। ধারণা করছি, ওই বিরোধের জেরেই বাবাকে হত্যা করা হয়েছে।”

স্থানীয় বাসিন্দা কাইয়ুম হোসেন বলেন, “আমি টেটা দিয়ে মাছ ধরতে গিয়ে খালে ইউছুফ কাকার মরদেহ পড়ে থাকতে দেখি। পরে সবাইকে খবর দিই।”

সদর উপজেলা জামায়াতের আমীর ও নিহতের আত্মীয় হুমায়ুন কবীর বলেন, “জমি নিয়ে ভাইদের সঙ্গে বিরোধ দীর্ঘদিনের। সম্ভবত সেই বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে।”

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক বলেন, “খাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের কন্ঠ/আর বি/জে