কলাপাড়ায় লামিয়া হত্যার বিচার দাবিতে সহপাঠীদের মানববন্ধন ও বিক্ষোভ | Daily AjKaler Kontho

কলাপাড়ায় লামিয়া হত্যার বিচার দাবিতে সহপাঠীদের মানববন্ধন ও বিক্ষোভ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৫, ৭:২৩ অপরাহ্ন
কলাপাড়ায় লামিয়া হত্যার বিচার দাবিতে সহপাঠীদের মানববন্ধন ও বিক্ষোভ
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষার্থী লামিয়া হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে তার সহপাঠীরা। সোমবার দুপুর বারোটার দিকে উপজেলার ছোট বালিয়াতলী ইউনিয়নের শিশুপল্লী একাডেমী প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা লামিয়ার হত্যাকারীদের দ্রুত বিচার সম্পন্ন করে কঠোর শাস্তির দাবি জানায়। এ সময় বক্তব্য দেন শিশুপল্লী একাডেমীর ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আয়শা, সপ্তম শ্রেণির শিক্ষার্থী হিমা, রাসেল ও সজিব। বক্তারা হুঁশিয়ারি দেন, লামিয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবে।মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে এলাকায় প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, গত ৩০ জুন শিশুপল্লী একাডেমীর ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী লামিয়াকে দলবদ্ধভাবে ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পরে দুর্বৃত্তরা তার লাশ চর বালিয়াতলী গ্রামের নিজ বাড়ির চাম্বলগাছে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় অভিযুক্ত চারজন—তাইফুর, জয়নাল, সুজন ও হাসানকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।