
স্পোর্টস ডেস্ক : নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতায় আটকে পড়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কয়েকদিন ধরে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় দেশে ফিরতে পারছিলেন না জামাল ভূঁইয়ারা। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবার ফিরছেন তারা। বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে আজই ঢাকায় পৌঁছাবেন জাতীয় দলের খেলোয়াড় ও কর্মকর্তারা।
দলের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রক্ষা করছেন।
বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। তবে ৮ সেপ্টেম্বর থেকে নেপালে ব্যাপক আন্দোলন শুরু হলে ৯ সেপ্টেম্বর নির্ধারিত ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। একই দিনে দলের দেশে ফেরার কথা থাকলেও ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয় এবং খেলোয়াড়রা হোটেলে অবস্থান করতে বাধ্য হন।
উদ্ভূত পরিস্থিতিতে খেলোয়াড়দের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে উদ্যোগী হয় প্রধান উপদেষ্টার কার্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অনুরোধে সশস্ত্র বাহিনী বিভাগ খেলোয়াড়দের ফিরিয়ে আনতে একটে বিশেষ ফ্লাইট পরিচালনা করতে সম্মত হয়। সেই বিমানে করেই আজ দেশে ফিরছে বাংলাদেশ দল।
বাংলাদেশ দল ঢাকায় এসে নামার কথা ৩টা ৩০ মিনিট নাগাদ। তবে এই বিমান এসে নামবে কুর্মিটোলায়। এরপর একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :