
মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে উঠেছে বড়াইগ্রাম উপজেলা ফুটবল দল। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে লালপুর উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম পর্বের নক-আউট ম্যাচে ট্রাইবেকারে ৪-২ গোলে লালপুর উপজেলা দলকে পরাজিত করে জয় পায় বড়াইগ্রাম।
ম্যাচের প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল বড়াইগ্রাম। তবে দ্বিতীয়ার্ধে লালপুর সমতা ফেরালে খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয়। পরে ট্রাইবেকারে বড়াইগ্রাম দল ৪-২ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে সেমিফাইনালে পা রাখে।
খেলা দেখতে গ্যালারি ভরে ওঠে কয়েক হাজার দর্শকে। উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, লালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেনসহ সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস জেলা প্রশাসক আসমা শাহীনকে ধন্যবাদ জানিয়ে বলেন, “খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখে। আমরা চাই এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণরা ক্রীড়াঙ্গনে ফিরে আসুক।” তিনি বড়াইগ্রাম টিমকে অভিনন্দন জানিয়ে চূড়ান্ত পর্বে শিরোপা জয়ের আশা ব্যক্ত করেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :