
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন গঙ্গামতি এলাকায় ভেসে এসেছে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ। শনিবার (২৩ আগস্ট) সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সমুদ্রের ঢেউয়ের সাথে লাল কম্বল মোড়ানো অবস্থায় মরদেহটি তীরে ভেসে আসে। খবর পেয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। তিনি জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহটি প্রাথমিকভাবে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, “সকালে আমরা সমুদ্রপাড়ে ঘুরতে গিয়ে মরদেহটি দেখতে পাই। পরে পুলিশকে খবর দিই। ধারণা করছি এটি ডুবে যাওয়া কোনো ট্রলারের জেলের লাশ হতে পারে।”
আরেক প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম জানান, “দূর থেকে লাল কম্বলে মোড়ানো কিছু ভেসে আসতে দেখি। কাছে গিয়ে বুঝতে পারি এটি একটি মরদেহ। পরে আমরা আর স্পর্শ না করে দ্রুত পুলিশকে খবর দিই।”
এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, “মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হবে।”
স্থানীয়রা ধারণা করছেন, সাম্প্রতিক দিনগুলোতে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ কোনো জেলের মরদেহ এটি হতে পারে। তবে পুলিশ বলছে, তদন্ত ও ময়নাতদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব হবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :