মুরাদনগরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: আটক ৮ | Daily AjKaler Kontho

মুরাদনগরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: আটক ৮


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৫, ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
মুরাদনগরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: আটক ৮

কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার করইবাড়ী গ্রামে এক পরিবারের তিন সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় আটজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এ তথ্য জানায়।

আটককৃতরা হলেন—করইবাড়ী গ্রামের মৃত আলী আকবরের ছেলে বাচ্চু মিয়া (৫৫), মৃত ছপি মোল্লার ছেলে রবিউল আউয়াল (৫৫), বাচ্চু মিয়ার ছেলে আতিকুর রহমান (৪২), রবিউল আউয়ালের ছেলে মো. বায়েজ মাস্টার (৪৩), হায়দরাবাদ এলাকার মালু মিয়ার ছেলে দুলাল (৪৫) ও দুলালের ছেলে আকাশ (২২)। এছাড়া পীর কাশিমপুর এলাকা থেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে আটক হন সবির আহমেদ ও নাজিম উদ্দিন বাবুল।

ট্রিপল মার্ডারকে কেন্দ্র করে নিহত রুবি আক্তারের বড় মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ ৩৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে বাঙ্গরা বাজার থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব-১১ জানায়, মামলার প্রেক্ষিতে পৃথক অভিযান চালিয়ে ঢাকার রামপুরা থানাধীন বনশ্রী, বাঙ্গরা বাজার থানার হায়দরাবাদ এবং আকুবপুর ইউনিয়নের পীর কাশিমপুর এলাকা থেকে আসামিদের আটক করা হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “অভিযুক্তদের ধরতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ টহল জোরদার করা হয়েছে।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে করইবাড়ী গ্রামে খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৩), তার ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৫) কে পিটিয়ে হত্যা করা হয়। গুরুতর আহত অবস্থায় রুবির আরেক মেয়ে রুমা আক্তার (৩০) বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

আজকালের কন্ঠ / শরীফ / এম