সাতক্ষীরায় বিজিবির অভিযানে ছয়টি স্বর্ণের বারসহ আটক ১ | Daily AjKaler Kontho

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ছয়টি স্বর্ণের বারসহ আটক ১


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৫, ২০২৫, ২:৪২ অপরাহ্ন
সাতক্ষীরায় বিজিবির অভিযানে ছয়টি স্বর্ণের বারসহ আটক ১

মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরায় বিজিবির অভিযানে ছয়টি স্বর্ণের বার সহ একজন নারী চোরাকারবারি আটক হয়েছে।

বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৬ টায় সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির অধীনস্থ বাঁকাল চেকপোস্ট এলাকা থেকে ওই স্বর্ণের বারসহ নারী চোরাকারবারিকে আটক করা হয়। আটক হওয়া নারীর নাম নাসরিন নাহার (৩০)। সে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থল বন্দর এলাকার ইমাম হোসেনের স্ত্রী।

বিজিবি জানায়, সাতক্ষীরা সদর উপজেলার বাকাল চেকপোস্ট সংলগ্ন আলিপুর এলাকা দিয়ে ভারতের স্বর্ণ পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে টহল কমান্ডার হাবিলদার শাহিন আহমেদের নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল নাসরিন নাহারকে ছয়টি স্বর্ণের বারসহ আটক করে।

এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক জানান, উদ্ধারকৃত ছয়টি স্বর্ণের বারের ওজন ৫১৭ গ্রাম ৮৫ মিলিগ্রাম। এছাড়া ওই নারীর কাছ থেকে নগদ ১৩ হাজার টাকা ও একটি মোবাইল উদ্ধার হয়েছে।

তিনি আরো জানান, আটক হওয়ার স্বর্ণের বারের আনুমানিক মূল্য ৭৬ লাখ ৭৪ হাজার ৫৩৭ টাকা। সর্বমোট সিজার মূল্য ৭৬ লাখ ৮৮ হাজার ৫৩৭ টাকা। উদ্ধার হওয়া স্বর্ণের বার ও নগদ টাকা কোর্টের আদেশ গ্রহণ ও যথাযথ কার্যক্রম শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা ও আসামিকে মোবাইলসহ থানায় সোপর্দ করা হয়েছে।

আজকালের কন্ঠ/রাহাত/আতিয়ার