সাতক্ষীরার আদালতে রাসেলের তিন মাসের কারাদণ্ড | Daily AjKaler Kontho

সাতক্ষীরার আদালতে রাসেলের তিন মাসের কারাদণ্ড


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৪, ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
সাতক্ষীরার আদালতে রাসেলের তিন মাসের কারাদণ্ড

মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি : চেক প্রতারণার মামলায় ইভ্যালির সিইও মো: রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন সাতক্ষীরার যুগ্ম জেলা জজ প্রথম আদালত। একই সাথে তাকে চেকে বর্ণিত টাকার সমপরিমান জরিমানা করা হয়েছে।

রোববার (২২ জুন) বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক মোঃ হাবিবুর রহমান এই রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান এলাকার শেখ আব্দুল ওয়াজেদ কচির ছেলে শেখ তানজির আহমেদ ব্যক্তিগত প্রয়োজনে ইভ্যালিতে একটি অ্যাপাচি ১৬০ সিসির সিঙ্গেল ডিস্ক মোটরসাইকেল অর্ডার ও ক্রয়মূল্য পরিশোধ করেন।

মোটরসাইকেলটি নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ করতে না পারায় ইভ্যালি কর্তৃপক্ষ তাকে এক লাখ ৫৫ হাজার টাকার একটি চেক প্রদান করে। চেকটি

নগদায়নের সর্বশেষ তারিখ ছিল ১১/১/২০২২। বাদী চেকটি তার নিজ হিসাবে জমা দিলে চেকটি ডিজঅনার হয়। চেকটি ডিজঅনারের বিষয়ে ইভ্যালিকে লিগ্যাল (ডিমান্ড) নোটিশ পাঠানো হয়। ৩০/১/২২ তারিখে ইভ্যালি কর্তৃপক্ষ নোটিশটি গ্রহণ করে। কিন্তু তারা বাদীর পাওনা অর্থ পরিশোধের কোনো উদ্যোগ না নেওয়ায় প্রতারিত হয়ে বাদী সাতক্ষীরা আমলী ১নং আদালতে ইভ্যালির সিইও মোঃ রাসেলের বিরুদ্ধে এনআই অ্যাক্টে মামলা দায়ের করে।

এ মামলায় আদালত রোববার ইভ্যালির সিইও মোঃ রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও চেকে বর্ণিত টাকার সমপরিমান জরিমানা করেছেন। তবে, রায় ঘোষণাকালে আসামি মোঃ রাসেল কাঠগড়ায় ছিলেন না।

সাতক্ষীরা আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. এ বিএম ইমরান (শাওন) বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকালের কন্ঠ/রাহাত/আতিয়ার