জুলাই আন্দোলনে শহীদ এর মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধ'র্ষ'ণ | Daily AjKaler Kontho

জুলাই আন্দোলনে শহীদ এর মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধ’র্ষ’ণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২০, ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
জুলাই আন্দোলনে শহীদ এর মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধ’র্ষ’ণ

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ হওয়া পটুয়াখালীর দুমকি উপজেলার এক ব্যক্তির মেয়েকে (১৭) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত দুই অভিযুক্তের মধ্যে একজনকে আটক করেছে পুলিশ। অপরজন এখনো পলাতক রয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যার পর পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শহিদ বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ির উদ্দেশে রওনা দেয় মেয়েটি। পথে নলদোয়ানী এলাকায় পৌঁছালে স্থানীয় দুই যুবক সাকিব মুন্সি ও সিফাত মুন্সি তাকে অনুসরণ করতে থাকেন।

একপর্যায়ে তারা জোরপূর্বক তার মুখ চেপে ধরে পাশের জলিল মুন্সির ভিটা বাগানে নিয়ে যান। সেখানেই দুজন মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করেন এবং ঘটনার ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

ঘটনার পর ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মূল অভিযুক্তদের মধ্যে পাঙ্গাসিয়া ইউনিয়নের আলগী গ্রামের মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সিকে আটক করে। তবে তার সহযোগী সিফাত মুন্সি (সোহাগ মুন্সির ছেলে) এখনো পলাতক রয়েছে।

দুমকি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা সাকিব মুন্সি নামে একজনকে আটক করেছি এবং পলাতক আসামি সিফাত মুন্সিকে ধরতে অভিযান অব্যাহত রেখেছি।