ভিয়েতনাম থেকে ১ লাখ টন চাল কিনবে সরকার | Daily AjKaler Kontho

ভিয়েতনাম থেকে ১ লাখ টন চাল কিনবে সরকার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৫, ২:৩৫ অপরাহ্ন
ভিয়েতনাম থেকে ১ লাখ টন চাল কিনবে সরকার

আজকালের কন্ঠ ডেস্ক : দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভারত, পাকিস্তান ও মিয়ানমারের পর এবার ভিয়েতনাম থেকে জি টু জি পদ্ধতিতে ৫৭৮ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১ লাখ টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ভিয়েতনাম থেকে জি টু জি পর্যায়ে ১ লাখ টন আতপ চাল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। ভিয়েতনামের ‘ভিয়েতনাম সাউদার্ন ফুড করপোরেশেন’ থেকে প্রতি টন ৪৭৪.২৫ মার্কিন ডলার দরে এ চাল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৫৭৮ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা।

উল্লেখ্য, চলতি মাসে ভারত ও পাকিস্তান থেকে ৫০ হাজার টন করে এক লাখ টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। ভারত থেকে আমদানি করা প্রতি কেজি চালের দর ছিল ৫৬ টাকা এবং পাকিস্তান থেকে আমদানিতব্য চালের দর ছিল প্রতি কেজি প্রায় ৬০ টাকা।