রেলের টিকিটেই বিআরটিসি বাসে গন্তব্যে যেতে পারবেন যাত্রীরা | Daily AjKaler Kontho

রেলের টিকিটেই বিআরটিসি বাসে গন্তব্যে যেতে পারবেন যাত্রীরা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
রেলের টিকিটেই বিআরটিসি বাসে গন্তব্যে যেতে পারবেন যাত্রীরা

আজকালের কন্ঠ ডেস্ক : বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারাদেশে ট্রেন চলাছল বন্ধ রয়েছে। এ পরিপ্রেক্ষিতে রেলের বিকল্প হিসাবে গুরুত্বপূর্ণ রেল রুটসমূহে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের ক্রয়কৃত রেল টিকিটে বিআরটিসির বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন। এছাড়া এসব স্থান থেকে এই সার্ভিসের মাধ্যমে ঢাকায় আসতে পারবেন।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিআরটিসির এই বাস সার্ভিস চালু থাকবে বলেও জানান তিনি।এদিকে, চলমান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান কিছুক্ষণের মধ্যে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শণ করবেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী, সারাদেশে কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। আর এতেই বন্ধ রয়েছে সারাদেশের ট্রেন চলাচল। তাই ব্যস্ত টিকিট কাউন্টারগুলোতে নিরবতা। খোলেনি আন্তঃনগর ট্রেনের টিকিট কাউন্টারগুলোও।