
কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : কুয়াকাটার তাহেরপুর টর্নেডোর আঘাতে বাড়িঘর বিধ্বস্তসহ গাছ পালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে ঘূর্ণিঝড় দানার প্রভাব ও টর্নেডোর ঘুর্নায়মান বাতাসে মুহূর্তের মধ্যে সব তছনছ করে ফেলার এমন ঘটনাটি ঘটে। সরে জমিন ঘুরে দেখা যায়, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলজুড়ে দুই দিনধরে ভারী ও মাঝারি ধরণের বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে নটার দিকে কুয়াকাটার তাহেরপুর নামক এলাকায় হঠাৎ ঘূর্ণায়মান বাতাসে (টর্নেডোর আঘাতে) অনেক বাড়ি ঘর বিধ্বস্ত ও গাছপালা উপড়ে ফেলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
তাহেরপুর এলাকার রুবেলের আধা বাঁকা ঘরের সম্পূর্ণ টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। একই এলাকার বেল্লালের বাড়ি গাছ উপড়ে ফেলে ঘরের উপরে পরে ঘর ভেঙে ব্যাপক ক্ষয় ক্ষতি হয় এবং বাবুল সরদারের বসতঘরের চাল ও বেড়া বাতাসে উড়িয়ে নিয়ে যায়। এভাবে অনেকে ঘরবাড়ি সহ গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে। প্রত্যক্ষদর্শী মাওলানা আব্দুর জব্বার বলেন, হঠাৎ বাতাস এসে মুহূর্তের মধ্যে আমাদের এলাকার অনেক ঘরবাড়িসহ গাছপালা উপরে ফেলে, এতে আমাদের এ এলাকার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। জামাল সরদার বলেন, আচমকা প্রচন্ড বাতাসের কারণে আমাদের মসজিদের অর্ধেক চাল উড়িয়ে নিয়ে যায় আমারে গাছ উপড়ে ফেলে। লতাচাপরি ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসল্লী বলেন, বৈরী আবহাওয়ার মধ্যে বৃহস্পতিবার সকালে কুয়াকাটা তাহেরপুর নামক এলাকায় ঘূর্ণিঝড়ের কবলে অনেক বাড়িঘরসহ গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত লোকদের পাশে সাহায্যের জন্য প্রশাসন সহ সকলের এগিয়ে আসা উচিত।
আপনার মতামত লিখুন :