চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে গ্রেফতার সঞ্জয় পাল | Daily AjKaler Kontho

চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে গ্রেফতার সঞ্জয় পাল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৪, ৫:৪৪ অপরাহ্ন
চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে গ্রেফতার সঞ্জয় পাল

গাইবান্ধা প্রতিনিধি : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় সঞ্জয় পাল জয় নামের এক ব্যাক্তিকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (২ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করে গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, ঢাকা মেডিকেলে হামলায় জড়িত থাকা সঞ্জয় পালকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে।

ঢামেকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গত রোববার ছিল দিনভর উত্তেজনা। হামলাকারীদের গ্রেফতার-বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দফা দাবিতে গতকাল রোববার সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ (কর্মবিরতি) পালন করেন দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকেরা।
চিকিৎসক ও রোগীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানা একটি মামলা হয়। ঢাকা মেডিকেলের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
পরে দাবি পূরণের আশ্বাস পেয়ে গতকাল রাত পৌনে ৮টার দিকে কর্মবিরতি স্থগিত করে প্রায় ১২ ঘণ্টা পর কাজে ফেরেন চিকিৎসকেরা। আজ সোমবার রাত ৮টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেন তারা।