
নেত্রকোনা, জেলা প্রতিনিধি : নেত্রকোনার মোহনগঞ্জে ঘরে ঢুকে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত উজ্জ্বল মিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৪ জুলাই) অভিযুক্ত উজ্জ্বল মিয়ার দৃষ্টান্তমূলক সাজার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এতে ওই ছাত্রীর স্কুলের শিক্ষার্থীও শিক্ষকরাও অংশ নেয়।
বক্তারা বলেন, উজ্জ্বল মিয়া একটা বদমাইশ টাইপের লোক। ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে ওই ছাত্রীর জীবন সে নষ্ট করে দিয়েছে। উজ্জ্বলের দৃষ্টান্তমূলক সাজা হলে আর কেউ এমন কাজ করতে করতে সাহস পাবে না।
গত বুধবার উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পরে শনিবার বিকেলে ওই ছাত্রীর মা বাদী হয়ে উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেন। এদিন সন্ধ্যায় অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
পরে রোববার সকালে উজ্জ্বল মিয়াকে আদালতে পাঠানো হয়। পাশাপাশি ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দী দিতে ভুক্তভোগী ছাত্রীকে নেত্রকোনা পাঠানো হয়।
গ্রেফতার উজ্জ্বল মিয়া উপজেলার পাবই গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। উজ্জ্বল মিয়া তিন সন্তানের জনক। তার ছোট ছেলে ভুক্তভোগী ওই ছাত্রীর সহপাঠী।
মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, মামলা করার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগ, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরে ওই ছাত্রী। এ সময় তার মা অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিলেন। খাবার খাওয়ার সময় প্রতিবেশী উজ্জ্বল মিয়া পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে ধর্ষণ করে। পরে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় উজ্জ্বল। ছাত্রীর দাদি উজ্জ্বলকে ঘর থেকে বের হয়ে দৌড়ে যেতে দেখে জিজ্ঞেস করলে সে কোনো কথা না বলে পালিয়ে যায়। পরে এ ঘটনায় শনিবার দুপুরে ওই ছাত্রীর মা বাদী হয়ে মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে সন্ধ্যায় আসামিকে গ্রেফতার করে পুলিশ।
আপনার মতামত লিখুন :