বাংলাদেশকে বেশি মনোযোগী হওয়ার পরামর্শ ইইউর এলডিসিতে | Daily AjKaler Kontho

বাংলাদেশকে বেশি মনোযোগী হওয়ার পরামর্শ ইইউর এলডিসিতে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৪, ৬:৩৬ অপরাহ্ন
বাংলাদেশকে বেশি মনোযোগী হওয়ার পরামর্শ ইইউর এলডিসিতে

আজকালের কন্ঠ ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হুইটলি বলেছেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের দিকে বাংলাদেশকে বেশি মনোযোগ দেওয়া উচিত। আমরা এলডিসি থে‌কে বাংলাদেশের মসৃণ উত্তরণ চাই। এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের একটি শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছে।

রোববার (১৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের স‌ঙ্গে আলাপকা‌লে এ অভিমত ব্যক্ত ক‌রেন রাষ্ট্রদূত।

চার্লস হুইটলি বলেন, আমাদেরকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান মোকাবিলা করতে হচ্ছে। এই যুদ্ধ শেষ হওয়ার কোনো আভাসও মিলছে না। ইউরোপীয় প্রতিবেশী দেশগুলোকে নিজেদের নিরাপত্তা নিয়েও ভাবতে হচ্ছে।

বাংলাদেশে আমার কোনো তিক্ত অভিজ্ঞতা নেই মন্তব্য করে হুইটলি বলেন, শিল্প কারখানায় কর্মপরিবেশ, শ্রম ক্ষেত্রে জাতীয় কর্মপরিকল্পনায় যেভাবে কাজ করেছে, সেগুলো নিয়ে কথা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। একটি স্থিতিশীল দেশ হিসেবে রোহিঙ্গাসহ বিভিন্ন সংকট মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশকে। এ ছাড়া সীমান্তের ওপারে খুব অস্থিতিশীল ও অনিশ্চিত অবস্থা বিরাজ করছে; এটা নিয়ে কথা হয়েছে। তবে এসময়ে আমাদের মধ্যে সহযোগিতা বেড়েছে বলে জানান বিদায়ী ইইউ রাষ্ট্রদূত।