কেন্দুয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীর আত্ন-হত্যা | Daily AjKaler Kontho

কেন্দুয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীর আত্ন-হত্যা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৭, ২০২৪, ১২:২০ অপরাহ্ন
কেন্দুয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীর আত্ন-হত্যা

নেত্রকোনা, জেলা প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার বিকালে উপজেলার কমলপুর নিউটাউন গ্রামে নিজ ঘরের শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ঝুলে ওই তরুণী আত্মহত্যা করেছেন বলে স্থানীয়দের বরাতে কেন্দুয়া থানার উপ পরিদর্শক আলিমুল রাজি জানান।

নিহত মৌ আক্তার (১৯) কেন্দুয়া পৌর এলাকার নিউটাউন এলাকার কবির উদ্দিন তালুকদারের মেয়ে।

নিহতের স্বজনরা জানান, মৌ ঢাকার সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন।এবার চেষ্টা করেও কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

স্থানীয়দের বরাতে এসআই আলিমুল রাজি জানান, মৌ আক্তার তার বাবার সঙ্গে ঢাকায় থাকতেন।সেখানে সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন। এসএসসি পরীক্ষা দেওয়ার সময় তার মা মারা যান।এর মধ্যে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন।পরিবারের সবাই একসঙ্গে ঈদ উদযাপন করার জন্য কেন্দুয়া আসেন। ঈদের পর মৌকে বড় বোন ও ছোট ভাইয়ের কাছে রেখে বাবা তার সৎ মাকে নিয়ে ঢাকায় ফিরে যান।

গতকাল বুধবার দুপুরে গোসল করে মৌ তার শয়নকক্ষে যান। বিকাল হয়ে এলেও খাওয়া-দাওয়া না করায় ছোট ভাই তাকে ডাক দিতে যান। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে শয়নকক্ষে গিয়ে মৌকে ফ্যানের সঙ্গে নিজের ওড়না দিয়ে পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে প্রতিবেশীদের সহায়তায় সেখান থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে যায় বলে এসআই আলিমুল রাজি জানান।