যা বললেন মাহমুদউল্লাহ শান্ত’র অধিনায়কত্ব নিয়ে | Daily AjKaler Kontho

যা বললেন মাহমুদউল্লাহ শান্ত’র অধিনায়কত্ব নিয়ে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৫, ২০২৪, ৫:০৮ অপরাহ্ন
যা বললেন মাহমুদউল্লাহ শান্ত’র অধিনায়কত্ব নিয়ে

স্পোর্টস ডেস্ক : সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর নাজমুল হোসেন শান্ত’র কাঁধে তিন ফরম্যাটের নেতৃত্বভার দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানের স্থলাভিষিক্ত হিসেবে এই দায়িত্ব পান শান্ত। টপ-অর্ডার এই ব্যাটারের অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে টাইগাররা।

যদিও শান্তর অধীনে সাফল্য এখনও না পাওয়ায় তার অধিনায়কত্ব নিয়ে নানান আলোচনা-সমালোচনা রয়েছে। তবে সময় দিলে শান্ত ভালো করবেন বলে দাবি মাহমুদউল্লাহ রিয়াদের।

মাহমুদউল্লাহ’র ভাষ্য, ‘সে খুব ভালো নেতা। খুব ভালো অধিনায়ক। গেম-সেন্স খুব ভালো। ম্যাচের প্রতি মনোযোগও খুব ভালো। কিন্তু আমাদের তাকে সময় দিতে হবে। কিছুদিন হলো অধিনায়কের দায়িত্ব পেয়েছে, সময় দিতে হবে তাকে। আশা করি, ওর যে নেতৃত্বগুণ আছে, ইনশাল্লাহ বাংলাদেশের জন্য ভালো করবে।’

বুধবার (৫ জুন) বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে বিসিবির ধারাবাহিক সাক্ষাৎকারে নিজের পর্বে এই কথা জানিয়েছেন রিয়াদ।

নিজের ক্যারিয়ারের উত্থান-পতন প্রসঙ্গে তার মন্তব্য, ‘উত্থান-পতন তো আমার ক্যারিয়ারে কম-বেশি ছিলই। আমি সব সময়ই আল্লাহর ওপর বিশ্বাস করি। আল্লাহর কাছেই সব সময় যা কিছু বলার আমি বলি। আমি সব সময়ই বিশ্বাস করি, আল্লাহ হচ্ছেন সেরা পরিকল্পনাকারী। আমার ভালো সময়, খারাপ সময় সবকিছুরই একটি শিক্ষণীয় বিষয় থাকে—এটাই আমি বিশ্বাস করি।’

অভিজ্ঞ এই অলরাউন্ডার যোগ করেন, ‘জাতীয় দলের প্রতিনিধিত্ব করা, সেটা সিরিজ হোক কিংবা কোনো মেগা ইভেন্ট হোক, সব সময়ই স্পেশাল। যখনই নতুন জার্সিটা পাই, সব সময়ই খুব ভালো লাগে।

টাইগার ভক্তদের উদ্দেশে রিয়াদের ভাষ্য, ‘আমাদের মানুষ অনেক আবেগপ্রবণ। অনেক অনুভূতি নিয়ে উনারা খেলা দেখেন। উনারা চায়, আমরা ভালো করি। তো সবদিক থেকে বিবেচনা করে যে এতদূর আল্লাহ আমাকে নিয়ে এসেছেন, এটাই অনেক, আলহামদুলিল্লাহ।