
আজকালের কন্ঠ ডেস্ক : ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (২ জুন) সকালে কালীগঞ্জ শহরের নিশ্চিতপুরে এ কর্মসূচির আয়োজন করে পৌর আওয়ামী লীগ।
ঘণ্টাব্যপী চলা এ মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
এতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী ও ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেলসহ অন্যান্যরা বক্তব্য দেন।
বক্তারা এমপি আনার হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান। সেইসঙ্গে হত্যার পেছনে যারা জড়িত তাদেরও শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। মূলহোতাসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। পরে তার খোঁজ পাওয়া না গেলে ১৮ মে ভারতে একটি নিখোঁজ ডায়েরি করেন এমপি আনারের পরিচিত ও ভারতের বরানগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। এরপর এমপি আনারের খোঁজে তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ। কলকাতার একটি ফ্ল্যাটে এমপি আনারকে হত্যা করা হয়েছে বলে গত বুধবার জানায় ভারতীয় পুলিশ। তারপর থেকে বেরিয়ে আসছে নানান তথ্য।
আপনার মতামত লিখুন :