নড়াইলে নিখোঁজের পর নদী থেকে মাদ্রাসা শিক্ষার্থীর লা-শ উ-দ্ধার | Daily AjKaler Kontho

নড়াইলে নিখোঁজের পর নদী থেকে মাদ্রাসা শিক্ষার্থীর লা-শ উ-দ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১২, ২০২৪, ৩:৪৫ অপরাহ্ন
নড়াইলে নিখোঁজের পর নদী থেকে মাদ্রাসা শিক্ষার্থীর লা-শ উ-দ্ধার

নড়াইল প্রতিনিধি: নড়াইলের চিত্রা নদীতে গোসল করতে নেমে রায়হান শিকদার (১৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজের ১০ ঘন্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে।

গত শনিবার (১১মে) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার ধোন্দা এলাকায় রায়হান চিত্রা নদীতে বন্ধুদের নিয়ে গোসল করতে নামলে রায়হান ভালভাবে সাতার না জানায় হঠাৎ নদীতে ডুবে যায়। ডুবে যাওয়ার পর বন্ধুরা তাকে অনেক খোজাঁখুজি করে না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর জানানো হয়।

এ ব্যাপারে নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মাসুদ রানা বলেন, খুলনা বিভাগে একটি মাত্র ডুবুরি ইউনিট। তারা বাগেরহাটের রামপালে পশুর নদীতে কর্মরত ছিল। ওইদিন রাত ১১টা দিকে এসে রায়হানকে উদ্ধার করার কার্যক্রম শুরু করা হলে রাত সাড়ে ১২ টার দিকে রায়হানকে উদ্ধার করে ডুবুরি দল।

নিহত রায়হান শিকদার নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের নাকশী গ্রামের সাইফুল শিকদারের ছেলে। সে নড়াইল পৌরসভার দুর্গাপুরের উসমান বিন আফফান (রা.) মাদ্রাসায় কওমি বিভাগে পড়াশোনা করত।

নিখোঁজের মামা মামুন ও স্থানীয়রা জানান, গত শনিবার (১১ মে) দুপুরের দিকে মাদ্রাসা থেকে মামা বাড়ি ধোন্দায় বেড়াতে এসেছিল রায়হান। খেলাধুলা পছন্দ করায় মামা বাড়ি এসেই মামার গেঞ্জি গায়ে জড়িয়ে একটি মাঠে স্থানীয়দের সাথে ফুটবল খেলতে নামে। খেলা শেষে তাদের সাথে পার্শ্ববর্তী চিত্রা নদীতে গোসল করতে নামে রায়হান। তবে সে ভালো সাঁতার জানত না। সে একটি কলা গাছের অংশ বুকে নিয়ে ভেসে ভেসে গোসল করছিল। পরে হঠাৎ করে তার সঙ্গীরা দেখে রায়হান তাদের আশেপাশে নাই। এরপর অনেক খোঁজাখুজি করলেও তার কোন সন্ধান মেলেনি। পরে ফায়ার সার্ভিসকে জানানো হয়। তারা ডুবুরি খবর দিলে ওই দিন রাত সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করে ডুবুরি দল।

এ ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।