ঝালকাঠির টোলপ্লাজায় দুর্ঘটনা: ট্রাক চালক ও সহযোগী আটক | Daily AjKaler Kontho

ঝালকাঠির টোলপ্লাজায় দুর্ঘটনা: ট্রাক চালক ও সহযোগী আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন
ঝালকাঠির টোলপ্লাজায় দুর্ঘটনা: ট্রাক চালক ও সহযোগী আটক

ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠির গাবখান সেতুর টোলপ্লাজায় ভয়াবহ দুর্ঘটনায় দায়ী ট্রাকচালক মো. আল-আমিনকে আটক করেছে ডিবি। ছবি: ইনডিপেনডেন্ট

ঝালকাঠির গাবখান সেতুর টোলপ্লাজায় ট্রাকের ধাক্কায় কয়েকটি যানবাহনের ১৪ জন নিহত হওয়ার ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। ঘটনার তিন ঘণ্টার মধ্যে ঝালকাঠি সদরের বাসন্ডা গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক চালকের নাম মো. আল-আমিন (২৯)। তাঁর বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়, বাবার নাম আনসার উদ্দিন। আটক হেলপারের নাম নাজমুল (২২), তাঁর বাড়ি খুলনায়।

ঝালকাঠি ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরের গ্রাম বাসন্ডা থেকে চালক ও হেলপারকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালকের লাইসেন্স আছে বলে জানায়। আমরা তাঁর লাইসেন্স যাচাই–বাছাই করে দেখছি বৈধ কি না। আপাতত শতভাগ নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।’

ঝালকাঠির রাজাপুর উপজেলার গাবখান টোল প্লাজায় আজ দুপুর ২টায় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস ও ৩টি অটোরিক্শা নিয়ে খাদে পড়ে যায়। এতে নারী, শিশুসহ ১৪ জন নিহত হয়েছে। পৌর এলাকার পশ্চিম প্রান্তে পঞ্চম চীন-বাংলাদেশ মৈত্রি গাবখান সেতুর টোল প্লাজায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। আগামী ৫দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।