ভূমি কর্মকর্তার গাড়িচালকের দাপটে অতিষ্ঠ | Daily AjKaler Kontho

ভূমি কর্মকর্তার গাড়িচালকের দাপটে অতিষ্ঠ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২২, ২০২৪, ৩:৫৬ অপরাহ্ন
ভূমি কর্মকর্তার গাড়িচালকের দাপটে অতিষ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন মিয়ার মাস্টাররোলের গাড়িচালক মো. সোহাগের অত্যাচারে অতিষ্ঠ একাধিক নিরীহ পরিবার।

এ নিয়ে ভুক্তভোগী পরিবার নোয়াখালী জেলা প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে লিখিত অভিযোগ করেছে।

অভিযোগ রয়েছে, খোদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন মিয়া সোহাগের বিরুদ্ধে আনীত অভিযোগ আপস-মীমাংসা করে দিতে পুলিশকে অনুরোধ করেছিল।

ভুক্তভোগী রবিউল হোসেন লিটন (৩৮) উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কৌশল্যার বাগ গ্রামের পুরতান ভূঁইয়াবাড়ির মৃত ইউনুছ মিয়ার ছেলে। তিনি পেশায় একটি ক্রোকারিজ দোকানের সেলসম্যান।

অপরদিকে অভিযুক্ত মো. সোহাগ একই বাড়ির মো. নুরুল আমিনের ছেলে এবং সোনাইমুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন মিয়ার গাড়িচালক।

লিখিত অভিযোগে বলা হয়েছে, জমির ভাগ বাটোয়ারা নিয়ে একই বাড়ির লিটনদের সঙ্গে সোনাইমুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের গাড়িচালক সোহাগদের পরিবারের বিরোধ চলে আসছে। বিরোধ কেন্দ্র করে তিনি কয়েকবার নিজেও ভাড়াটিয়া সন্ত্রাসী এনে লিটনদের মারধর করেন। উপজেলা প্রশাসনে চাকরি করার সুবাদে তিনি লিটনদের পরিবার ও অন্যান্য পরিবারের ওপর অমানবিক অত্যাচার চালান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. সোহাগ বলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা শতভাগ মিথ্যা ও বানোয়াট। প্রশাসন তদন্ত করে সত্যতা পেলে আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেব।

সোনাইমুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন মিয়া বলেন, পুলিশ তদন্ত করে যে অপরাধী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।