আধুনিকতার ছোঁয়া লেগেছে পাহাড়ি জনপদে | Daily AjKaler Kontho

আধুনিকতার ছোঁয়া লেগেছে পাহাড়ি জনপদে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২০, ২০২৪, ৪:৪৫ অপরাহ্ন
আধুনিকতার ছোঁয়া লেগেছে পাহাড়ি জনপদে

আজকালের কন্ঠ ডেস্ক : তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানের বিশাল সীমান্ত সুরক্ষায় চলছে সড়ক নির্মাণ। এ সড়ক ঘিরে মানুষ এখন নতুনভাবে স্বপ্ন বুনছে। শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, পর্যটন শিল্পের প্রসার এবং জীবনমানের ব্যাপক পরিবর্তনের আশা স্থানীয়দের। চ্যালেঞ্জিং এই কর্মযজ্ঞে নেতৃত্ব দিচ্ছে সেনাবাহিনী।

দুর্গমতার কারণে পিছিয়ে পড়া পাহাড়ি জনপদে লেগেছে আধুনিকতার ছোঁয়া। সীমান্ত সড়ক নির্মাণের ফলে বদলে গেছে দৃশ্যপট।

তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানের পাহাড়ি জনপদগুলোতে সড়কের কারণে লেগেছে আধুনিকতার ছোঁয়া। দুর্গম বিলাইছড়ির ফারুয়া কিংবা জুরাছড়ির দুমদুম্যায় যোগাযোগ এখন বেশ সহজ। সবকিছু স্বপ্নের মত স্থানীয়দের কাছে।

সব প্রতিকূলতা জয় করে দুর্বার গতিতে কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। কাজের মান নিয়ে কোনও আপোস নয়, বলেছেন ইসিবি প্রধান।

শিগগিরই সড়কটি উদ্বোধনের কথা জানিয়েছেন সড়ক সচিব।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনাস্ট্রাকশন ব্রিগেডের অধীনে ১৭, ২০ এবং এডহক ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন এই কাজ বাস্তবায়ন করছে। ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮৬১ কোটি টাকা। সড়কটি নির্মাণ শেষ হলে ভারত-বাংলাদেশের যোগাযোগের ফলে পার্বত্য চট্টগ্রামের স্থানীয় ব্যবসা-বাণিজ্যের যেমন প্রসার ঘটবে, তেমনি যোগাযোগ ব্যবস্থা এবং পর্যটন শিল্পের ব্যাপক উন্নয়ন ঘটবে। পিছিয়ে পড়া এ অঞ্চলটি হবে সম্মৃদ্ধ অর্থনৈতিক অঞ্চল। নিরাপত্তার মধ্যে চলে আসবে পুরো পাহাড়ি এলাকা।