
আজকালের কন্ঠ ডেস্ক : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট সীমান্তে অবৈধভাবে ভারত থেকে চোরাইপথে কয়লা আনতে গিয়ে পাথরচাপা পড়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক শ্রমিক।
গতকাল সোমবার (১৮ মার্চ) দিবাগত রাতে তাহিরপুরের টেকেরঘাট সীমান্ত এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন, উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা গ্রামের শাহাবুদ্দিনের ছেলে খায়রুল ইসলাম (২৪), একই গ্রামের রমজান আলীর ছেলে মুখলেস মিয়া (২৫)। গুরুতর আহত অপর শ্রমিকের নাম তাৎক্ষণিক জানা যায়নি।
স্থানীয়রা জানান, সোমবার রাতে ১০-১২ জনের একটি শ্রমিক দল টেকেরঘাট সীমান্ত দিয়ে চোরাইপথে ভারত থেকে কয়লা আনতে যায়। রাত সাড়ে ৯টার দিকে শ্রমিকরা কয়লার গর্তের মধ্যে প্রবেশ করলে হঠাৎ পাথরচাপায় গর্তের মুখ বন্ধ হয়ে যায়। পরে অক্সিজেনের অভাবে তিনজন শ্রমিক অসুস্থ হয়ে হয়ে পড়েন। এ সময় সঙ্গে থাকা অপর শ্রমিকরা গর্তের ভেতর থেকে তিনজনকে টেনে বের করলেও দুজন অক্সিজেনের অভাবে ঘটনাস্থলেই মারা যান এবং অপর আহত একজন শ্রমিককে মুমূর্ষু অবস্থায় বাংলাদেশে নিয়ে এসে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে বিজিবির টেকেরঘাট ক্যাম্প কমান্ডার সাইদুর রহমান বলেন, শ্রমিকরা কোন দিক দিয়ে ভারতে প্রবেশ করেছিল জানি না। আমরা দিনরাত সীমান্তে টহল দিচ্ছি। শুনেছি কয়লা আনতে গিয়ে দুজন মারা গেছেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, রাতের আঁধারে ভারত থেকে অবৈধভাবে কয়লা আনতে গিয়ে পাথরচাপায় ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :