নড়াইলে কয়েলের আগুনে ভ্যানচালকের ৩ ঘর পুড়ে ছাই, ২লাখ টাকার ক্ষয়ক্ষতি | Daily AjKaler Kontho

নড়াইলে কয়েলের আগুনে ভ্যানচালকের ৩ ঘর পুড়ে ছাই, ২লাখ টাকার ক্ষয়ক্ষতি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৪, ২:৫০ অপরাহ্ন
নড়াইলে কয়েলের আগুনে ভ্যানচালকের ৩ ঘর পুড়ে ছাই, ২লাখ টাকার ক্ষয়ক্ষতি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলায় গোয়াল ঘরে মশার কয়েলের আগুন লেগে এক অটোভ্যানচালকের ছোট-বড় তিনটি ঘর, ১টি গরু ও চারটি ছাগল, ১৫/২০ টা হাঁস-মুরগিসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। এতে ওই পরিবারের ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গত শনিবার (৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামের অটোভ্যানের চালক মো. ইসহাক সরদারের বাড়িতে এ আগুন লাগে।

জয়পুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মেম্বার শরিফ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অটোভ্যান চালক মোঃ ইসহাক সরদার জানান, রাতে মশার উপদ্রব থেকে গরুকে বাঁচানোর জন্য প্রতিদিনের মতো গোয়ালঘরে মশার কয়েল জালিয়ে রাখি। রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করে গরুর ডাক শুনে আমি বেরিয়ে আসি। দেখি আমার গোয়ালঘরে আগুন জ্বলছে। আমার চিৎকার ও মসজিদে মাইকিং করায় গ্রামের লোকজন ছুটে এসে ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে গোয়ালে থাকা একটি গরু, চারটি ছাগল ও ১৫/২০টা হাঁস-মুরগি, ছোট-বড় তিনটি ঘরসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। আগুনে পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় মোঃ ইসহাক সরদারের সহধর্মিণীও আগুনে পুড়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।