ঢাকায় আসছেন আজ মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী | Daily AjKaler Kontho

ঢাকায় আসছেন আজ মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৪, ২০২৪, ৯:৪৭ পূর্বাহ্ন
ঢাকায় আসছেন আজ মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শ্রীলংকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে।

এরপর তিনি উঠবেন গুলশানের হোটেল ওয়েস্টিনে। বিকালে শ্রমিক সংগঠন এবং রাতে সুশীল সমাজের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

এছাড়া আফরিন আক্তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (উত্তর আমেরিকা অনু বিভাগ) খন্দকার মাসুদ আলমের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করবেন। এর পাশাপাশি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন তিনি।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নতির পাশাপাশি জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক উন্নয়ন এবং মিয়ানমার পরিস্থিতি আলোচনায় আসতে পারে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, তিন দিনের সফরে আফরিন আক্তার বাংলাদেশে আসছেন। সংসদ নির্বাচনের আগে গত অক্টোবরে আফরিন আক্তার ঢাকা সফরে এসেছিলেন।