আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম আর নেই | Daily AjKaler Kontho

আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম আর নেই


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০২৪, ১২:৩৮ অপরাহ্ন
আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম আর নেই

আজকালের কন্ঠ ডেস্ক : পাবনার চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবিদ এস এম নজরুল ইসলাম মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনারি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত দশটা ৫০ মিনিটের দিকে মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

এদিকে তাঁর মৃত্যুতে পাবনা-১ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মকবুল হোসেন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সামসুদ্দিন খবির, কেএম আনোয়ারুল ইসলাম, চাটমোহর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, সাবেক মেয়র প্রফেসর আব্দুল মান্নান, মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মাহবুব এলাহি বিশু, বজলুল করিম খাকসার, পৌর আওয়ামীলীগের সভাপতি নাজিমুদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক জুয়েল মির্জা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, চাটমোহর প্রেসক্লাবের পক্ষে সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন গভীর শোক জ্ঞাপন করেছেন ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চাটমোহর উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছাপোষণ করেছিলেন।