কয়লা খনির ১২০৯ ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু | Daily AjKaler Kontho

কয়লা খনির ১২০৯ ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২৪, ৩:৫২ অপরাহ্ন
কয়লা খনির ১২০৯ ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু

আজকালের কন্ঠ ডেস্ক : দেশের বৃহৎ কয়লা খনি দিনাজপুর জেলার পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ১২০৯ ফেইস হতে কয়লা উত্তোলন শুরু হয়েছে। ১ মাস ১৬ দিন বন্ধ থাকার পর আবারও খনিতে কয়লা উত্তোলন শুরু হলো। বৃহস্পতিবার ( ১৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬ টা থেকে কয়লা উত্তোলন শুরু করা হয়।

জানা গেছে,বড়পুকুরিয়া কয়লা খনি থেকে প্রথম দিকে পরীক্ষামূলক ভাবে দৈনিক ১.৫০০ থেকে ২.০০০ হাজার টন এবং পরবর্তীতে দৈনিক ৩.০০০ হাজার থেকে ৩.৫০০ হাজার টন হারে উত্তোলিত হবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে কয়লা সরবরাহের লক্ষ্যে পেট্রোবাংলা এবং বিসিএমসিএল পরিচালনা পর্ষদের দিক নির্দেশনায় বিসিএমসিএল ও কনসোর্টিয়াম এর কর্মকর্তাবৃন্দ এবং স্হানীয় শ্রমিকদের সর্বাত্মক প্রচেষ্টায় নির্ধারিত সময়ের ১৫ দিন পূর্বেই ১২০৯ ফেইস হতে কয়লা উত্তোলন শুরু করা সম্ভব হয়েছে।

জানা যায়,১৪১২ ফেইসের কয়লা উত্তোলন শেষে সকল ইক্যুইপমেন্ট স্যালভেজ যথাযথ ভাবে মেইন্টেন্যান্স করণ এবং চীন থেকে আসা নতুন এক সেট পাওয়ার সাপোর্ট ১২০৯ ফেইসে ইন্সটলেশন শেষে এই ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু করা হয়। এই ফেইসের কয়লা উত্তোলন লক্ষ্য মাত্রা ৩.৬০ লক্ষ টন। যা আগামী জুলাই ২০২৪ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত উত্তোলিত হবে বলে আশা করা হচ্ছে। উত্তোলিত সমূদয় কয়লা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হবে।

উল্লেখ্য,বর্তমানে বিসিএমসিএল ও পিডিবি প্রান্তে পিডিবির অনুকূলে প্রায় ৭৫ হাজার টন কয়লা’র মজুদ রয়েছে। বর্তমানে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে দৈনিক ১৮০ মেগাওয়াট হারে বিদ্যুৎ উৎপাদনের বিপরীতে দৈনিক প্রায় ১.৮৫০ টন কয়লা ব্যবহার করছে।