নদী থেকে ২ কি.মি. দুরের পুকুরে মিলল ৪টি তাজা ইলিশ | Daily AjKaler Kontho

নদী থেকে ২ কি.মি. দুরের পুকুরে মিলল ৪টি তাজা ইলিশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২৪, ২:৪৪ অপরাহ্ন
নদী থেকে ২ কি.মি. দুরের পুকুরে মিলল ৪টি তাজা ইলিশ

আজকালের কন্ঠ ডেস্ক : বরিশালের বাবুগঞ্জে প্রথমবারের মত পুকুর সেচ করে ছোট-বড় সাইজের ৪ টি ইলিশ মাছ পাওয়া গেছে। সন্ধ্যা নদী থেকে ২ কি.মি. দুরের পুকুরে ইলিশ ধরা পড়ার খবরে হইচই পরে যায়। প্রতিটি ইলিশের গড় ওজন প্রায় ৩০০ থেকে ৪০০ গ্রাম হবে বলে জানান পুকুরের মালিক ফিরোজ সরদার।

বৃহস্পতিবার(১৫ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মোঃ ফিরোজ সরদারের বাড়ির পুকুর সেচ করে ৪টি ইলিশ মাছ পাওয়া যায়। ইলিশ মাছ পাওয়ার বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে এলাকার উৎসুক জনতা সেই মাছ দেখার জন্য মোঃ ফিরোজ সরদারের বাড়িতে হাজির হন।

তবে এই পুকুরে কীভাবে ইলিশ এলো সে ব্যাপারে পুকুরের মালিক ও পরিবারের অন্যান্য সদস্য কেউ অবগত নয়।

স্থানীয় সেচ মালিক মামুন খান বলেন, ওই এলাকার মোঃ ফিরোজ সরদারের বাড়ির পুকুরে সেচ করার পরে মাছ ধরার সময় পরিবারের সদস্যরা ওই ইলিশ মাছ দেখতে পায়।

আমরা জানতাম নদী বা সাগর ছাড়া ইলিশ মাছ পাওয়া যায় না। কিন্তু নিজের চোখে পুকুরে ইলিশ মাছ দেখলাম। পুকুরের তাজা ইলিশ পাওয়া গেছে শুনে অনেকে ভিড় করছে তার বাড়িতে।

প্রত্যক্ষদর্শী রাসেল সরদার বলেন, পুকুরের ইলিশ দেখতে বিকালে ওই বাড়িতে গিয়েছিলাম। পুকুরের মালিক মোঃ ফিরোজ সরদার বলেন, বৃহস্পতিবার বেলা তিনটার দিকে আমাদের বাড়ির পুকুরে সেচ করে মাছ ধরতে নামলে অন্যান্য মাছের সাথে ছোট বড় ৪টি ইলিশ মাছ পেয়েছি। পুকুরে ইলিশ মাছ পাওয়ায় আমরা আনন্দ পেলেও বিষয়টি অবাক করার মত।