অবশেষে বোর্ড সভায় বসছে বিসিবি | Daily AjKaler Kontho

অবশেষে বোর্ড সভায় বসছে বিসিবি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৪, ৬:৪১ অপরাহ্ন
অবশেষে বোর্ড সভায় বসছে বিসিবি

স্পোর্টস ডেস্ক : গত ছয় মাসে বাংলাদেশ ক্রিকেটে যত ঘটনা ঘটেছে, হয়তো গত কয়েক বছরও এতো কিছু ঘটতে দেখেনি ক্রিকেট বিশ্ব। বিশ্বকাপ ব্যর্থতা, সাকিব-তামিম ইস্যু সবকিছু নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয় নি ক্রিকেট বোর্ড। তবে অবশেষে সবকিছু নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে বিসিবি।

আগামী ১২ ফেব্রুয়ারি বসবে বিসিবির নবম বোর্ড সভা। বিসিবির বিশ্বাসস্থ সূত্রের মাধ্যমে এই তথ্য জানা গেছে। এই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত নিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি।

এই বোর্ড সভার আলোচনার বিষয় হিসেবে থাকছে ভারত বিশ্বকাপের ব্যর্থতার রিপোর্ট পর্যালোচনা ও সিদ্ধান্ত, জাতীয় দলের কোচ নিয়োগ ও পজিশন, অধিনায়ক, নির্বাচক প্যানেল, শেখ হাসিনা স্টেডিয়াম, নারী বিশ্বকাপ এবং ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বিষয়।

নির্বাচন শেষ হলেও বিসিবি সভাপতির ব্যস্ততার কারণে তারিখ পাওয়া যাচ্ছিল না। প্রথমবারের মতো যুব ও ক্রীড়া মন্ত্রী হওয়া নাজমুল মন্ত্রণালয়ের বিভিন্ন মিটিং-সভায় ব্যস্ত ছিলেন। অবশেষে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে তারিখটি চূড়ান্ত হয়।