নেত্রকোনায় মাদরাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেফতার : র‌্যাব-১৪ | Daily AjKaler Kontho

নেত্রকোনায় মাদরাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেফতার : র‌্যাব-১৪


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২৪, ৩:৪৪ অপরাহ্ন
নেত্রকোনায় মাদরাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেফতার : র‌্যাব-১৪

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনা কলমাকান্দায় মাদরাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি দেলোয়ার এবং দৌলত‘কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব -১৪, ময়মনসিংহ।

শনিবার দুপুরে র‌্যাব-১৪, ময়মনসিংহ এর উপ-পরিচালক অপারেশনস্ অফিসার মোঃ আনোয়ার হোসেন স্থানীয় সংবাদ কর্মীদের কাছে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ভিকটিম মহিলা মাদরাসার নবম শ্রেনীর ছাত্রী। মাদরাসায় যাওয়া- আসার পথে আসামিরা প্রায়ই তাকে উত্যক্ত করত এবং অশালীন কথাবার্তা বলত। বিষয়টি মহিলা ইউপি সদস্যের মাধ্যমে অভিভাবকদের জানালে মনির মিয়া‘সহ তার পরিবারের লোকজন ইউপি সদস্যসহ ভিকটিমের মায়ের ওপর ক্ষিপ্ত হন । গত বছরের ১১ই নভেম্বর কথা কাটাকাটির এক পর্যায়ে, আসামি মনির মিয়া‘সহ তার পরিবারের লোকজন ভিকটিমের মা এবং ইউপি সদস্যকে মারপিঠ করে আহত করেন। খবর পেয়ে ভিকটিমসহ তার প্রতিবেশিরা ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের মা এবং মহিলা ইউপি সদস্যকে উদ্ধার করে পাশের বাড়ীতে নিয়ে আসেন। এ সময়, ভিকটিম তার মায়ের কাপড়-চোপড় নেওয়ার জন্য বাড়িতে গেলে আসামিরা সুযোগ বুঝে ভিকটিমের মুখ চেপে ধরে পাশের ধান ক্ষেতে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করেন।

এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে ৩ জনের নাম‘সহ অজ্ঞাতনামা আরো ২ জনকে আসামি করে আদালতে একটি লিখিত অভিযোগ করেন। পরে ৯ই ডিসেম্বর আদালত অভিযোগটি আমলে নিয়ে কলমাকান্দা থানা পুলিশকে মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন। উক্ত ঘটনার পর থেকে আসামীগণ গা ঢাকা দিয়ে ছদ্মবেশে পলাতক ছিল।

এরই প্রেক্ষিতে, বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র‌্যাব-১৪, সদর ব্যাটালিয়নের অপারেশনস্ অফিসার উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ২৬ জানুয়ারী শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার লতিফপুর এলাকা থেকে দেলোয়ার হোসেন (২২), দৌলত মিয়া (২৩),কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের‘কে শনিবার নেত্রকোণা জেলার কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।